২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পিতার হাতে ছেলে খুন

স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্যের বলি হতে হলো চার বছরের ছেলে লেমনকে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 11:21 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ঘটনাটি ঘটেছে বগুড়ার সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে। বুধবার দুপুরের দিকে রাগের মাথায় পিতা মহিউদ্দিন লেবু গলাটিপে তার ছেলেকে হত্যা করে। তবে এ ঘটনার পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আলম জানান, প্রথম স্ত্রী আনোয়ারাকে ঘরে নিয়ে আসাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেয় লেবুর। এরই জের ধরে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তার দ্বিতীয় ঘরের একমাত্র সন্তান লেমনকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে বাড়ির পাশের জঙ্গলে গলাটিপে হত্যা করে। লেবু মাদকাসক্ত ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।