২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বইমেলা শুক্রবার থেকে

পক্ষকালব্যাপী ঢাকা বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর শুক্রবার থেকে। সেগুন বাগিচার শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত বই মেলায় স্টল থাকবে ৭২টি। এরই মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ৬২টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সিএম শফি সামি বুধবার পিআইডি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

‘সম্প্রীতিময় সমাজ গঠণে বই’ শীর্ষক বই মেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংস্কৃতি সচিব এবিএম আব্দুল হক চৌধুরী ও জাতীয় গ্রন্থ কেন্দ্র্রের পরিচালক শফিকুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য ‘বই র‌্যালি’ বের করা হবে। এতে লেখক, শিল্পী, সাহিত্যিক, প্রকাশক, সংস্কৃতি কর্মী ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া মেলায় সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক মুখোমুখি অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।

মেলায় প্রবেশের জন্য টিকেটের দাম ধরা হয়েছে দুই টাকা। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিন মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শফি সামি মেলার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “দেশে সম্প্রীতির অবস্থা নাই। এতে সকলের মতো আমরাও মর্মাহত।”

এক দিনে এ অবস্থার সৃষ্টি হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, “বছরের পর বছর ধরে ধীরে ধীরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা কাটাতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক অবস্থার কারণে মেলা ব্যাহত হবে এটা ঠিক। কিন্তু জানুয়ারিতে দেশের অবস্থা কি হবে তাও আমরা কেউ জানি না। তাই এবার একটু আগেই ঢাকা বই মেলার আয়োজন করা হচ্ছে।”