কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পারভেজ (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের কুলিয়ারচরে বুধবার সন্ধ্যায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পান্না ও শাহীন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।
নিহত পারভেজ গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ মোস্তফা মহসীন মন্টুর বোনের ছেলে।
নিহতের পিতা হাজী আনোয়ার হোসেন জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় কুলিয়ারচর পৌঁছলে পারভেজের ওপর তার ব্যাবসার অংশীদার জিপুর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা চলে যায়। গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “বালুর দরদাম নিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
