২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির বিতর্ক প্রতিযোগিতা শুরু

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দু’দিনের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দীন বলেন, “দেশে রাজনৈতিক অস্থিরতা চরম আকার নিয়েছে। রাষ্ট্র, সরকার, প্রশাসনের মূলে রয়ে গেছে দুর্নীতির বীজ । এ থেকে বের হওয়ার চেষ্টা সবাইকে করতে হবে।”

প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সারা দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১৮১ জন প্রতিযোগী। মোট পাঁচটি গ্রুপে ৩৬ জন করে পাঁচ সেশনে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী ৩০ জন বৃহস্পতিবার ব্র্যাক ইনে ছায়া সংসদ বিতর্কে অংশ নেবেন।

এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করায় টিআইবিকে ধন্যবাদ জানিয়ে এম হাফিজ উদ্দীন বলেন, “দুর্নীতিবাজরা পালাক্রমে রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে দেশ ও জনগণের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। তাদের কালো হাত থেকে দেশ বাঁচাতে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।’

তিনি টিআইবি প্রকাশিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার স্মারক গ্রন্থের মোড়কও উন্মোচন করেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, “দুর্নীতি বাংলাদেশের জাতীয় সমস্যা। এর মূলে রয়েছে স্বার্থপরভাবে ক্ষমতার ব্যবহার। অথচ দেশের সমস্যা আলোচনা করার প্লাটফর্ম জাতীয় সংসদ বর্তমানে অকার্যকর। তাই টিআইবি তরুণদের নিয়ে একটি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে, যাতে তারা পরবর্তীতে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করতে পারে।”

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ মুসা বলেন, “বর্তমান সংসদে যে আলোচনা বা বিতর্ক হয় তার সঙ্গে চৌরাস্তা কিংবা কলতলার ঝগড়ার কোনো পার্থক্য নেই।”

নর্থ সাউথ ইউনির্ভাসিটির উপাচার্য ড. হাফিজ জি এ সিদ্দিকী বলেন, “যেসব তরুণ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের অনেকেই এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। বিতর্কলব্ধ জ্ঞান তাদের যোগ্য প্রার্থী নির্বাচনে সাহায্য করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক হিসেবে অধ্যাপক ড. সালাহউদ্দীন, সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কবি আসাদ চৌধূরী, অধ্যাপক ড. এম এম আকাশ ও অধ্যাপক শাইখ ইমতিয়াজসহ টিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।