২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একই পরিবারের ৮ সদস্য খুনের আসামির ফাঁসি

চাঁদপুর জেলার মতলব উপজেলার একই পরিবারের ৮ সদস্য হত্যার প্রধান আসামি শফিকুল ইসলাম মিন্টুকে (৪৬) ফাঁসি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ৯ বছর পর মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

স্ত্রী তাসলিমা বুধবার সকালে কারা কর্তৃপক্ষের কাছ থেকে মিন্টুর লাশ গ্রহণ করেন।

কারা সূত্র জানায়, জল্লাদের দায়িত্ব পালন করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরু ভূঁইয়া ।

এর আগে সোম ও মঙ্গলবার মিন্টু স্ত্রী তাসলিমা বেগম, ছেলে তানভীর ও মেয়ে সমীসহ দু’চাচাতো ভাই, বোন ও শ্যালকের সঙ্গে শেষবারের মতো দেখা করে। এ সময় মিন্টু তার শেষ ইচ্ছানুযায়ী তাদের বিরোধপূর্ণ ৬ শতাংশ জমি কবরস্থানের জন্য দান করতে পরিবারের সদস্যদের অনুরোধ করে।

মামলার বিবরণে বলা হয়, মাত্র ৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৭ সালের ২৯ জুন রাতে মতলব উপজেলার জোড়াখালী গ্রামের মৃত মোঃ আলীর ছেলে শফিকুল ইসলাম মিন্টু তার সহযোগীদের নিয়ে একই পরিবারের হযরত আলী, মেয়ে রুফিয়া বেগম, সাজেদা বেগম, হালিমা, ছেলে হুমায়ুন, সজিব, কাজল ও মনিকে শ্বাসরোধ করে হত্যা করে।

পরদিন ৩০ জুন মতলব থানায় মামলা করা হলে ২০০০ সালের ১৪ মে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত মিন্টু ও তার সহযোগীসহ ১৫ আসামিকে ফাঁসির দণ্ড দেয়। আসামিরা আপিল করলে উচ্চ আদালত মিন্টুর ফাঁসির আদেশ বহাল রেখে ৪ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে। খালাস দেয় অপর ১০ আসামিকে।

সর্বশেষ প্রাণভিক্ষার আদেশ রাষ্ট্রপতি নাকচ করে দিলে মঙ্গলবার মিন্টুকে ফাঁসি দেওয়া হয়।