২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব সংগ্রাম পরিষদের ঘেরাও কর্মসূচিতে অবরুদ্ধ সচিবালয়

যুব সংগ্রাম পরিষদের ডাকা সচিবালয় ঘেরাও কর্মসূচির কারণে পুরো সচিবালয় এলাকা অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে এ অবরোধ কর্মসূচি ও তা প্রতিহত করতে পুলিশের বাধার কারণে বিভিন্ন রাস্তা বন্ধ থাকায় পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থা একরকম ভেঙ্গে পড়ে। দৈনিক বাংলার মোড় থেকে প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পুলিশের বাধার কারণে অগুনতি নাগরিক আটকে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে পুরো চাপ পড়ে নগরীর অন্য রাস্তাগুলোর উপর। এর মধ্যে নয়াপল্টনের অবস্থা দাঁড়ায় সবচেয়ে সঙ্গিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফিরোজ আহমেদকে ওইটুকু পথ পেরোনোর জন্য অপেক্ষা করতে হয় দুই ঘন্টা।

বুধবার সকাল থেকেই পুলিশ-বিডিআর সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করে। নিয়মিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে অতিরিক্ত ৭ প্লাটুন (২২৪ জন) পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া বিভিন্ন গয়েন্দা সংস্থার লোকজনও বিশেষভাবে নজর রাখছে। তারা সাধারণ দর্শনার্থীদের সেখানে প্রবেশ করতে দেয়নি। এমনকি সচিবালয়ে প্রবেশের সব পথ বব্ধ করে দেয়।

কর্মসূচির কারণে অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে উপস্থিতির হারও কম। যারা এসেছেন তারাও তেমন কোনো কাজ করছেন না। গল্প আর আড্ডা দিয়ে সময় পার করছেন। কার্যত সচিবালয়ের কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।

কার্জন হল, হাইকোর্ট, পুরানো পল্টনসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।