২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভি স্বরূপ পাল্টাতে পারছে না কিছুতেই

দেশ ও জনগণ চলমান রাজনৈতিক সঙ্কটে বিপর্যস্ত, আতঙ্কিত থাকলেও এর প্রতিফলন নেই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) খবরে। প্রতিদিনের মতোই বিটিভির মঙ্গলবার রাতের খবর ছিল রাজনৈতিক ঘটনার গুরুত্ববিহীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে একপক্ষের রাজনীতিকরা যখন দেশজুড়ে কর্মসূচি পালন করছেন তখন বিভিন্ন বিষয় বাদ দিয়ে মঙ্গলবার রাত ৮ টার সংবাদে শীর্ষ সংবাদ ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের বক্তব্য।

বিটিভির দ্বিতীয় শীর্ষ সংবাদ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদের অঙ্গীকার।

তৃতীয় ও চতুর্থ শীর্ষ সংবাদে ছিল প্রধান দুই দলের মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচি। তৃতীয় শীর্ষ সংবাদে রাজধানীতে চারদলের সমাবেশে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্য ফলাও করে প্রচার করা হয়। তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৪ দলের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ১৪ দলের দেশব্যাপী নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচির খবরটি প্রচার করা হয় চতুর্থ স্থানে। একই খবরের সঙ্গে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আবদুল জলিলের সংবাদ সম্মেলনের খবরটি ঢুকিয়ে দেওয়া হয়।

এ ছাড়া অর্থ উপদেষ্টা আকবর আলী খানের সঙ্গে বিজিএমইএ সভাপতি ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং দাবি পেশের খবরটি ছিল পঞ্চম স্থানে।

সুপ্রিম কোর্টে জেএমবির শীর্ষ ছয় জঙ্গির আপিল খারিজ হয়ে যাওয়ার খবরও যথাযথ গুরুত্ব পায়নি। এ খবরটি বিজ্ঞাপন বিরতির আগে সপ্তম খবর হিসেবে প্রচারিত হয়েছে।

বিটিভির রাত ৮ টার ৩০ মিনিটের সংবাদে মোট খবর প্রচারিত হয়েছে ২২ টি। এর মধ্যে খেলার খবর ছিল দুটি এবং আন্তর্জাতিক খবর ছিল তিনটি। এ ছাড়া রাজধানীর কাঁচাবাজারে শীতের শাকসব্জির ওপর একটি সরেজমিন প্রতিবেদনও ছিল।

অন্যান্য সংবাদের মধ্যে ছিল মেয়র হানিফের দাফন সম্পন্ন, ১৬ ডিসেম্বর চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু, জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামীর বক্তব্য এবং জাতিসংঘ মহাসচিব কফি আনানের বিশেষ দূতের বুধবার বাংলাদেশ সফর।