২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের প্রাণভিক্ষা চাইবে তার পরিবার

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের পরিবার। তার বাবা নজির হোসেনকে দিয়ে প্রাণভিক্ষা চাওয়ানো হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বড় ভাই ব্যবসায়ী রফিকুল ইসলামও বলেছেন, “বাবার জীবদ্দশায় সন্তানের মৃত্যুকে ঠেকাতে শেষ চেষ্টা কোনো বাবা কি না করে পারে?”

সরেজমিনে বাংলা ভাইয়ের বাড়ি গাবতলীর কর্ণিপাড়ায় গিয়ে দেখা গেছে, মৃত্যুদণ্ডাদেশ বহালের আদেশ পাওয়ার পর সমস্ত পরিবারে নেমে এসেছে হতাশার ছাপ। বাংলা ভাইয়ের জঙ্গি তৎপরতায় জড়িত থাকার বিষয়টি নিয়ে প্রশাসন ও পুলিশের বার বার তার বাড়িতে যাওয়া এবং চাপ সৃষ্টি করায় তার বাবা নজির হোসেন সে সময় কোর্টে এফিডেভিটের মাধ্যমে তাকে ত্যাজ্য পুত্র করার ঘোষণা দিয়েছিলেন। দুই ভাইও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন।

বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের সঙ্গে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকেল পর্যন্ত বিষয়টি বাবাকে জানানো হয়নি। তিনি বলেন, মিডিয়ার সামনে তাকে (বাংলা ভাই) কথা বলতে দেওয়া হোক। তার প্রাণভিক্ষার জন্য বাবার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করা হবে।