পাবনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ চরমপন্থী নিহত
পাবনায় মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মজিদ, উকিল, হান্নান ও হাবিবুর রহমান নামে চারজন নিহত হয়েছে। র্যাব দাবি করেছে, নিহতরা সবাই চরমপন্থী।
পাবনা র্যাব ১২ ক্যাম্পের কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের রতনপুরে র্যাবের একটি দল পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় উভয় দলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থলেই মজিদ (৩০), উকিল (২৮), হান্নান (২৪) নিহত হয়।
এর আগে ভোররাত ৩ টার দিকে গাঙ্গুহাটি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা হাবিবুর রহমান (৩২) নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে চারটি বন্দুক, শতাধিক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহতদের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ ডজনখানেক মামলা রয়েছে।
