২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে একই পরিবারের ৩ জন খুন

মা ও শিশুসহ একই পরিবারের তিনজন খুন হয়েছে সোমবার রাতে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এ ঘটনায় অপর তিনজনকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, গ্রামের সমশের আলী মোল্লার ঘরের গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বাড়িতে বেড়াতে আসা তার মেয়ে রোমানা (২৫), তার ছেলে অপূর্ব (১ মাস) এবং রোমানার বড় বোন রুনা ইসলামের মেয়ে বর্ণকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে।

এসময় হামলাকারীরা রুনা ইসলাম (২৬), তার ছেলে উৎস (৬) এবং গৃহকর্মী তাসলিমাকে কুপিয়ে গুরুতর আহত করে।

এদের মধ্যে রুনা ইসলাম ও তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উৎসকে ভৈরব আল-শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নরসিংদী পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে এসে বলেন, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক কারণে এটা হতে পারে। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা হয়েছে।