২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুর কবরস্থানে হানিফের দাফন সম্পন্ন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে বাদ আছর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দুপুর ১ টায় নাজিরাবাজার তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় নগরভবনে জানাজায় অংশ নেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাসহ আরও অনেকে। তিনি তখন সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে সাবেক মেয়রকে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে হানিফের লাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়। এসময় সর্বস্তরের নেতা-কর্মী ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানায়।

এসময় উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কাস পার্টির নেতা রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, জাসদ নেতা হাসানুল হক ইনু, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ড. মহিউদ্দিন খান আলমগীর, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের এবং ১১ দলের জাকির হোসেন নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ কমিউনিস্ট পার্টি নেতারা শেষ শ্রদ্ধা জানানোর পর হানিফের লাশ নিয়ে যাওয়া হয় বায়তুল মোকাররমে। বাদ আছর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মোহাম্মদ হানিফ হৃদরোগে আক্রান্ত হয়ে র্দীঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান।