২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যেই বৈঠক করেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের কক্ষে নতুন দুই নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনার মঙ্গলবার সকালে বৈঠক করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 11:37 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

চৌদ্দ দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচির মধ্যেই প্রায় দুই ঘন্টাব্যাপী এ বৈঠক শুরু হয় সকাল ১১টায়। অনানুষ্ঠানিক এ বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারসহ অপর নির্বাচন কমিশনারদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের আশেপাশে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া দাঙ্গা পুলিশ, আর্মড পুলিশ ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যও রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের চারপাশে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। বিজয় সরণি মোড় থেকে আবহাওয়া অফিস পর্যন্ত রাস্তায় রিকশা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

১৪ দলের অবস্থান কর্মসূচির কারণে শ্যামলী-আজিমপুর, ফার্মগেট-আসাদগেট, ফার্মগেট-মিরপুর সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। আাজিমপুর থেকে গাবতলী বা মিরপুরগামী যানবাহন সিটি কলেজ হয়ে মোহাম্মদপুর দিয়ে ঘুরে যাচ্ছে। ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহন ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে মিরপুর ১৪ নম্বর হয়ে যাচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে তীব্র কক্ষ সংকট থাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাইফুল আলমের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।

ঢাকার সাবেক মেয়র মোঃ হানিফের মৃত্যুতে অবরোধ কর্মসূচি একঘন্টা কমানোর ফলে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর একটা পর্যন্ত চলে।