২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আব্দুল মজিদ ও আয়াত আলী নামের দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয় দুজনকে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ আবু হানিফ সোমবার এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের করিম হুসেনের মেয়ে নুরুন্নাহার বেগম (১৮) এর ঘরে ঢুকে আব্দুল মজিদ ও আয়াত আলী তাকে ধর্ষণ করে ২০০৪ সালের ১২ ফ্রেবুয়ারী ভোর রাতে। পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়। আব্দুল মজিদ দক্ষিণ স্নানঘাট গ্রামের আকবর আলীর ছেলে। আর আয়াত আলী একই গ্রামের নোয়াব আলীর ছেলে।

এ ব্যাপারে নিহতের বাবা করিম হুসেন ২০০৪ সালের ২৫ মে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করলে পুলিশ একই বছরের ১১ আগস্ট আব্দুল মজিদ, আয়াত আলী, মর্জুদা খাতুন ও ফাতেমা খাতুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

১৭ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেওয়া হয়। মর্জুদা ও ফাতেমাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামী আয়াত আলী পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহিবুর রহমান।