চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে হাইকোর্টের নোটিশ
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের (সাইফ পাওয়ার টেক লিমিটেড) সঙ্গে করা চুক্তি কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে হাইকোর্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সোমবার একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ আগামী দুসপ্তাহের মধ্যে কারণ দর্শানোর ওই নোটিশ জারি করেন। নোটিশটি দেওয়া হয় বন্দর চেয়ারম্যান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বন্দরে যান্ত্রিক বিভাগের পরিচালক ও সাইফ পাওয়ার টেক লিমিটেডকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোর্স এসোসিয়েশনের (বিএমএসএ) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ও বন্দরের একজন সিনিয়র অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আওলাদ আলী ও মঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নোটিশটি জারি করেন।
আবেদনে বলা হয়, বন্দরের গ্যান্ট্রি ক্রেন অপারেশনের জন্য যে অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, তা সাইফ পাওয়ার টেকের নেই। সে ক্ষেত্রে দরপত্রের এ শর্তটি চূড়ান্তভাবে লংঘিত হয়েছে।
এতে বলা হয়, গ্যান্ট্রি ক্রেন অপারেশনের জন্য বন্দরের নিজস্ব ১৬ জন অপারেটরকে বিদেশে প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ নিজেদের এইসব দক্ষ অপারেটরদের বাদ দিয়ে সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চুক্তি করে সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং এর দায়িত্ব দেয়।
আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন ফারুক।
এ প্রসঙ্গে বিএমএসএর চেয়ারম্যান এ এইচ এম মঞ্জুর আলম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বন্দর কর্তৃপক্ষকে দুসপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলায় সাইফ পাওয়ার টেকের অপারেটর দিয়ে এ সময়ের মধ্যে সিসিটি পরিচালনা করা বন্দর কর্তৃপক্ষের উচিত হবে না।
এদিকে বন্দরের চুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন ডক শ্রমিক সংগঠন আন্দোলন করেছে। সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও চলমান আন্দোলনকে সমর্থন দিচ্ছেন।
