২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না: আকবর

অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, “প্রধান বিরোধী দল অংশ না নিলে পৃথিবীর কোথাও নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আকবর আলী খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা পরিবর্তন করা সম্ভব। কারণ প্রধান রাজনৈতিক দলগুলো মনে করে দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।

আকবর আলী খানের মতে, “রাজনৈতিক দলগুলোর এই ভাবনা অযৌক্তিক নয়। কারণ তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী প্রশাসনিক বিন্যাসও করা হয়নি।

তফসিল ঘোষনা প্রসঙ্গে আকবর আলী খান বলেন, “সাংবিধানিক বা আইনগত দিক থেকে তফসিল ঘোষণা ঠিক আছে। নির্বাচনের জন্য ৩৫-৩৯ দিন সময় লাগে। ঈদের কারণে এবার একটু বেশী সময় আগে তফসিল ঘোষণা করা হয়েছে।”

তফসিল ঘোষণার এক্তিয়ার নির্বাচন কমিশনের একথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “প্রচলিত রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টাকে তফসিল ঘোষণার বিষয়টি অবহিত করেন এবং প্রধান উপদেষ্টা অনানুষ্ঠানিকভাবে অন্যান্য উপদেষ্টাদের জানাবেন। কিন্তু এবারই মনে হয় ব্যতিক্রম হলো। কারণ প্রধান উপদেষ্টা এ ব্যাপারে আমাদের কিছুই জানাননি।”

নতুন দুই নির্বাচন কমিশনার প্রসঙ্গে আকবর আলী খান বলেন, “আমরা এ নিয়োগ সম্পর্কে কিছুই জানি না। দুই নির্বাচন কমিশনার উপদেষ্টাদের কাছে নিরপেক্ষ বা বিতর্কিত কিনা সেটা বড় কথা নয় পুরো জাতির কাছে তারা অবিতর্কিত হলে খুশী হবো।”

আকবর আলী খান বলেন, “আমরা নির্বাচনের এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে সব রাজনৈতিক দলগুলো অংশ নেবে।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আকবর আলী খান বলেন, “বিতর্কিত নির্বাচনের দায় উপদেষ্টারা গ্রহণ করবেন কিনা তা সময় বলে দেবে।”