তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা, সোমবার শুনানি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দল ও আন্দোলনকারী দলগুলোর ১০ নেতা রোববার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে এ আবেদনগুলো দায়ের করেন। সোমবার আবেদনগুলোর শুনানি হবে।
এ ছাড়া আদনান আনোয়ারের দায়ের করা অন্য একটি আবেদনের শুনানিও সোমবার শুরু হবে।
আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ গ(৩), (৪) ও (৫) অনুচ্ছেদ যথাযথভাবে প্রয়োগ না করেই শপথ ভঙ্গ করে বেআইনী ও অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তাই রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদে থাকা বেআইনী ঘোষণার দাবিসহ সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরীকে ওই পদে নিয়োগ দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে আবেদনে।
অন্য একটি আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৫৮ খ(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের অন্য ১০ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। অথচ পত্র-পত্রিকা ও উপদেষ্টাদের বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট যে, ৩১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টার সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য উপদেষ্টাকে এসব ব্যাপারে জানানোও হয়নি। এখন থেকে অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক ছাড়া প্রধান উপদেষ্টা কোনো কাজ করতে পারবে না বলে নির্দেশ চাওয়া হয়েছে এ আবেদনে।
সর্বশেষ আবেদনে বলা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা খসড়া এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। এর আগে তফসিল ঘোষণা না করার নির্দেশ চাওয়া হয়েছে এ আবেদনে।
আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমীর, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান মামলা পরিচালনা করবেন। সরকার পক্ষে থাকবেন এটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলী ।
