বিটিভির সংবাদে কিছুটা উন্নতি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শনিবার রাত ৮ টার সংবাদে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।
সংবাদ প্রচারিত হয়েছে ২৫ মিনিট ধরে। খবর ছিল ২১ টি। এর মধ্যে রোববার থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার খবরটি শীর্ষ সংবাদ। দ্বিতীয় শীর্ষ সংবাদ ছিল ১৪ তম জাতীয় টিকা দিবস নিয়ে। এটি প্রচারিত হয় ২ মিনিট ৩০ সেকেন্ড ধরে।
তৃতীয় শীর্ষ সংবাদটি ছিল ১৪ দলের প্রস্তুতি সমাবেশ নিয়ে। এটি প্রচার করা হয় এক মিনিট ধরে। এর পরই ৩০ সেকেন্ড ধরে প্রচার করা হয় কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদের সমাবেশের খবর। পঞ্চম স্থানে ছিল প্রকৌশলীদের এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্য নিয়ে খবর। এর পর প্রচার করা হয়েছে চারদলীয় জোটের মহানগর শাখার বৈঠকের খবরটি।
এর পর প্রচারিত হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার খবর। ড. ইউনূসের পর বিটিভির সংবাদে স্থান পেয়েছে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন।
আন্তর্জাতিক এবং খেলার খবর প্রচার করা হয়েছে ৬ মিনিট ধরে।
এছাড়া অন্যান্য খবরের মধ্যে ছিল ইরাকে সহিংসতা, ইসলামি ছাত্রশিবির আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বক্তব্য, সড়ক দুর্ঘটনা ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস নিয়ে।
