অনিয়মের অভিযোগে ইবিতে হল মেরামতের কাজ বন্ধ
ব্যাপক অনিয়মের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে সাধারণ ছাত্ররা।
নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কোন নিয়ম না মেনে মেরামতের কাজ চালানো হচ্ছে অভিযোগে ছাত্ররা শনিবার তা বন্ধ করে দেয়।
সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ ড. সাইফুল ইসলাম মেরামতের কাজে অনিয়মের অভিযোগের কথা স্বীকার করেন। এদিকে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়ায় হলে অবস্থানরত ছাত্রদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ আর্থিক সহযোগিতায় ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সাদ্দাম হোসেন হলের মেরামতের জন্য দরপত্র আহবান করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ হলটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ও প্রথম হল। মেরামতের মধ্যে রয়েছে হলের পানির লাইন, বিদ্যুৎ লাইন ও বিভিন্ন অংশের দেয়ালের পলেস্তারা। ছাত্রদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ লাখ টাকার সংস্কার কাজের দরপত্র অহ্বান করে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে স্থানীয় একটি পত্রিকায় গোপনে তা দেওয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ২৮ আগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছাত্রদল সমর্থকদের সশস্ত্র পাহারার মুখে কোন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেনি।
অবশেষে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি অব্যাহতি দেওয়া ছাত্রদলের সভাপতি মোমিনুর রহমান মোমিন দরপত্র পান। মোমিন দরপত্র পেয়েই দেড় লাখ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামের ঠিকাদার সদর উদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। কাগজে-কলমে মোমিনের নামে দরপত্রের যাবতীয় কার্যক্রম হলেও বর্তমানে ঠিকাদার সদর উদ্দিনের শ্রমিকরা এখানে কাজ করছেন বলে বেশ কয়েকজন শ্রমিক জানান।
বর্তমান ঠিকাদারের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা মেরামতের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন। হলের মেরামতে ঠিকাদারের লোকেরা শিডিউলের কোন তোয়াক্কা করছেন না বলেও তারা জানান।
ছাত্রদের অভিযোগ, শ্রমিকরা বালি, সিমেন্ট, পানির পাইপ ও দেয়ালের পলেস্তারার ক্ষেত্রে কোন নিয়ম মানছে না। সিমেন্ট ও বালির মিশ্রণ ১ঃ ৬ দেওয়ার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে ১ : ৮ এবং ১ : ৯ আনুপাতিক হারে। হলের বিভিন্ন দেয়ালে কতটুকু প্লাস্টার খসিয়ে নতুনভাবে করতে হবে তার কোনো সুনির্দিষ্ট পরিমাপ নেই। এতে হলের ছাত্রদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ছাত্রদের অভিযোগ, মেরামতের কাজ তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দিন মো: তারেক এবং ফরিদ উদ্দিন যথাযথভাবে দায়িত্ব পালন না করায় এ সব সমস্যার সৃষ্টি হচ্ছে।
কিন্তু সহকারী প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দিন মো: তারেক বলেন, ‘আমাদের লোক সবসময় কাজ দেখাশোনা করছেন।’ তাছাড়া হলের পক্ষ থেকেও এ সকল কাজ দেখাশোনার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
হল প্রাধ্যক্ষ এ ব্যাপারে বলেন, ‘এটা দেখাশোনা করা প্রকৌশল অফিসের দায়িত্ব, হল কর্তৃপক্ষের নয়।
এদিকে মেরামতের কাজের শুরুতেই বাথরুমের পানির পাইপ লাইন খুলে রাখার কারণে হলে অবস্থানরত ছাত্রদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
আবাসিক ছাত্ররা বলেছেন, যথাযথভাবে ও দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করার জন্য হল কর্তৃপক্ষ ও ঠিকাদারের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজ হয়নি। ফলে শনিবার তারা কাজ বন্ধ করে দেন।
হলের প্রাধ্যক্ষ বলেন, ‘শনিবার হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে বিদ্যমান সমস্যা নিয়ে বৈঠক করেছি এবং প্রকৌশলীদেরকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি।’
