২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, গুলিবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদ আহুত ধর্মঘটের পঞ্চম দিন শনিবার সকালে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার নেতৃত্বে প্রায় ৫০/৬০ নেতাকর্মী দোয়েল চত্বর মোড় থেকে মিছিল করে ক্যাম্পাসে আসছিল। বাংলা একাডেমির কাছে মিছিলটি পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রায় ১২ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বিষ্ফোরিত হয় ৩ টি ককটেলও।

ঘটনার পর কার্জন হল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

বেলা ১১ টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শুরু হয় মধুর ক্যান্টিন থেকে। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা।

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল বারী হেলাল বলেন, নির্দিষ্ট একটি মহলের মদদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এর আগে গত মঙ্গলবারও ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া বুধবার এবং বৃহস্পতিবার দুটি হলে বোমাবাজির ঘটনাও ঘটে।