২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সন্ত্রাসী হারিছ নিহত

কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী হারিছ বাহিনীর প্রধান হারিছকে (৩৮) শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উড়িরচরের পুলিশ ক্যাম্প ইনচার্জ দারোগা মো. শাহজাহান জানান, রাত দেড়টার দিকে চর এলাহির চরবালুয়া গ্রামের ফোরকানের বাড়ির দক্ষিণ পাশের পুকুর পাড় থেকে হারিছের আত্মীয়স্বজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হারিছের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, প্রতিপক্ষ চেয়ারম্যান খায়রুল আলম এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশও একই ধারণা করছে।

তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার লোকজনই তাকে হত্যা করেছে।”

নোয়াখালীর দক্ষিণাঞ্চল ও সন্দ্বীপ চ্যানেলের দু’শ কিলোমিটার নদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই হারিছের সঙ্গে চেয়ারম্যান খায়রুল আলমের বিরোধ চলছিল।

হারিছের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় ডাকাতি, খুন, চোরাচালানী ও নারী নির্যাতনসহ আটটি এবং কোম্পানীগঞ্জ থানায় দুটি মামলাসহ আরও অসংখ্য মামলা রয়েছে।