শুধু সিইসিকে সরালেই নির্বাচন কমিশন সংস্কার হবে না: আজিজুল হক
শুধু প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সরালেই নির্বাচন কমিশন সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আজিজুল হক।
বৃহস্পতিবার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আরও দুজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিতে হবে। এদেরকে নিয়োগের চিন্তা-ভাবনা চলছে। ইচ্ছা করলে রাষ্ট্রপতি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে তাদের নিয়োগ দিতে পারেন অথবা তিনি নিজেও এককভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।”
সিইসির ছুটিতে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা এখন পর্যন্ত জানেন না তিনি কবে থেকে ছুটিতে যাচ্ছেন বা গেছেন।
আজিজ বলেন, “বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রপতির একটি ভাষণের মাধ্যমে নয়, পর্যায়ক্রমে সমাধান হবে।”
সাধারণ মানুষের কথা ভেবে রাজনৈতিক দলগুলো অবরোধ প্রত্যাহার করে নেবে আশা প্রকাশ করে উপদেষ্টা আজিজ বলেন, “এটা তাদের সিদ্ধান্ত। আমরা এ ব্যাপারে তাদের চাপ দিতে পারি না।” তবে তিনি বলেন, “রাষ্ট্রপতির ভাষণেই এ প্রশ্নে উপদেষ্টাদের মতামত প্রতিফলিত হয়েছে।”
অন্য এক প্রশ্নের জবাবে আজিজ বলেন, “একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হলে এর পক্ষে-বিপক্ষে মত থাকেই। এতে আলোচনার মূল বিষয়ে সংস্কার আসে অথবা তা একই থাকে।”
উপদেষ্টা আজিজুল হক তত্ত্বাবধায়ক সরকারের আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটিরও সদস্য। অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে প্রস্তুতি চলছে। রাজনৈতিক সঙ্কট কেটে গেলেই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ পূর্ণমাত্রায় শুরু করে দেবো।”
পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
আজিজ আরও বলেন, “গত তত্ত্বাবধায়ক সরকারের মতো এবারও নির্বাচনের আগে বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলো জমা নেওয়া হবে।”
