২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মাহফুজুর রহমান ভারপ্রাপ্ত সিইসি

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নিয়েই এ মাসের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা বলছেন বিচারপতি মাহফুজুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ছুটিতে যাওয়ার সরকারি ঘোষণার পর প্রথম দিনই অন্য দুই নির্বাচন কমিশনারের প্রস্তাব ও সম্মতিতে ভারপ্রাপ্ত সিইসি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।

বৈঠকের পর মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির ভাষণের পর আমরা জানলাম যে, সিইসি তিনমাসের ছুটিতে আছেন। আজ সকালে আমাদের তিন কমিশনারের মধ্যে বৈঠক হলো। আইন অনুযায়ী কমিশনারদের মধ্য জ্যেষ্ঠজন ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করবেন। অন্য দুজন নির্বাচন কমিশনার আমার নাম প্রস্তাব করেছে এবং আমি এ দায়িত্ব গ্রহণ করেছি। এ মাসের মধ্যেই আমি নির্বাচনী তফসিল ঘোষণা করবো। আমরা এর জন্য আপনাদের সহযোগিতা চাই। দেশবাসীর কাছেও সবরকম সহযোগিতার জন্য আবেদন করছি।”

চৌদ্দ দল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মেনে না নিলে কী করবেন এ প্রশ্নের জবাবে বিচারপতি রহমান বলেন, “ সেটা তাদের বিষয়। কেউ আমাকে মানতেও পারেন, নাও পারেন। সেটা তো আমার ব্যাপার না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

তবে এ বিষয়ে ১৪ দলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। সোয়া একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুধা সদনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতৃবৃন্দের সভা চলছিল।

সভায় হাসিনা বলেন, “আমাদের আন্দোলন চলবে।”

তবে অবরোধ তুলে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।