সাভারে ট্রাক উল্টে নিহত ৫
সাভারে বুধবার গভীর রাতে একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত ও ১১জন আহত হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে রাত দেড়টার দিকে কয়লা ভর্তি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানায় এস আই গোলাম মোর্শেদ জানান, হতাহতরা বগুড়া ও দিনাজপুরের বাসিন্দা।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, সিলেটের সুপারকান্দি এলাকার অপি এন্টারপ্রাইজ থেকে প্রায় আট মেট্রিক টন কয়লা নিয়ে ট্রাকটি বগুড়া যাচ্ছিল। বগুড়ার মেসার্স কাজল পরিবহনের ওই ট্রাকটি (বগুড়া-ট-১১-০২৭৬) রাত দেড়টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর চালক সামাদ নিয়ন্ত্রণ হারালে এটি আইল্যান্ডের ওপর উঠে যায়। মহাসড়কের ওপরেই ট্রাকটি উল্টে গেলে কয়লার নিচে চাপা পড়ে এর আরোহী ১৬ দিনমজুর।
খবর পেয়ে পুলিশ এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার পাঁচজনকে মৃত ঘোষণা করেন। এদের দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো বগুড়ার হান্নান মিয়া (২৮) ও দিনাজপুরের আবুল হোসেন (২৪)। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সিরাজ (২৮), গনি (৩০), ফিরোজ (২২), রেজাউল (৩৫), ওসমান (৩০), রেজাউল করীম (৩২), জাহিদুল ইসলাম (২৮) ও সামচু মিয়ার (৫০) অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
