সিইসির খবর নেই বিটিভিতে
‘দেশ, মাটি ও মানুষের কথা বলে’-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভি এমন শ্লোগান দিলেও তারা যে জনগণের প্রতিনিধিত্ব করার ধারে কাছেও নেই বুধবার তা খুব ভালোভাবেই প্রমাণ করেছে।
সারাদিন ধরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করলেও বিটিভির ৮টার সংবাদে তার কোনো প্রতিফলনই চোখে পড়েনি।
সাতাশ মিনিট ধরে আন্তর্জাতিক ও খেলাসহ মোট ২৪টি খবর প্রচারিত হয়। অথচ এর মধ্যে সিইসি প্রসঙ্গ একবারও আসেনি।
বুধবার বিটিভি সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সফররত ব্রিটিশ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিমন্ত্রী ইয়ান ম্যাকার্টনিকে। প্রথম চারটি খবর ছিল তাকে নিয়েই। এজন্য সময় বরাদ্দ ছিল ছয় মিনিট পাঁচ সেকেন্ড।
খবর দেখে দর্শকের মনে হতে পারে দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনের বিষয়টি যেন তার সফরের ওপরেই নির্ভর করছে। রাষ্ট্রপতি, বিএনপি চেয়ারপারসন, আওয়ামী লীগ সভানেত্রীর সাথে ম্যাকার্টনির বৈঠকের খবর পরপর প্রচারিত হওয়ার পর তার সংবাদ সম্মেলনের খবর প্রচারিত হয় দুই মিনিট ১৫ সেকেন্ড ধরে যেখানে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন বিরতির আগে মোট আটটি খবর প্রচারিত হয়। এর মধ্যে উপদেষ্টাদের কোনো খবরই ছিল না। তার বদলে পঞ্চম ও ষষ্ঠ খবর ছিল অবরোধ নিয়ে। তৃতীয় দিনেও চার দল ও ১৪ দলের সভা-সমাবেশ ও পাল্টা সভা-সমাবেশের খবর প্রচারিত হয় মোট দুই মিনিট ৫০ সেকেন্ড ধরে।
এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কৃষিবিদদের মতবিনিময় সভার খবর প্রচারিত হলেও দুই উপদেষ্টার খবর আসে ১৭ ও ১৮ নম্বরে।
এ ছাড়া আন্তর্জাতিক খবরে আসে নেপালে সরকার ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর, ইরান, ইরাক, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সম্ভাব্য জর্ডান সফর, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইত্যাদি প্রসঙ্গ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচ ইত্যাদি প্রসঙ্গ আসে খেলাধূলা অংশে।
