র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ চরমপন্থি নিহত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে বুধবার পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় তিন চরমপন্থি নিহত হয়েছেন। নিহতরা নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এবং গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ও সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, আতাইকুলা থানার শ্রীপুর গ্রামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এমএল (লালপতাকা) এর গোপন সভা চলার খবর পেয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল বুধবার সকালে সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থিরা র্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিটের বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা) এর কেন্দ্রীয় কমিটির সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ ওরফে লরকা সামাদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
র্যাব ঘটনাস্থল থেকে ১ টি রাইফেল, কয়েক রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করে। সামাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি হত্যা মামলাসহ ২৫ টি মামলা রয়েছে। এমএল লালপতাকার সাধারণ সম্পাদক কামরুল মাস্টার ক্রসফায়ারে নিহত হওয়ার পর সামাদ তার দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বেলকুচি উপজেলার আমবাড়িয়ায় বুধবার সাড়ে ১২টার দিকে বেলকুচি উপজেলার আমবাড়িয়া বটতলার নিচে ছানোয়ারসহ ৪/৫ জনের একটি চরমপন্থি দল বৈঠক করছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা তাদের ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বললে চরমপন্থিরা তাদের লক্ষ করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে প্রায় ২৫ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (মোফাখ্খর গ্রুপ) আঞ্চলিক নেতা ছানোয়ার (৩৪) নিহত হন। অন্যরা নদীপথে পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
নিহত ছানোয়ার সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও র্যাব জানায়, নিহত ছানোয়ার চরমপন্থি দলের আঞ্চলিক নেতা। তার নামে দু’টি হত্যা মামলাসহ ১০ টি মামলা রয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং বালির মাঠে একটি হ্যাচারিতে একদল চরমপন্থি গোপন বৈঠকের খবর পেয়ে র্যাব কুষ্টিয়া ইউনিট দুপুর ২টায় সেখানে হানা দেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে চরমপন্থিরা পিছু হটে। র্যাব সদস্যরা এসময় হ্যাচারির ভেতরে প্রবেশ করে চরমপন্থি মেজবার (৩০) লাশ ও একটি পিস্তল পড়ে থাকতে দেখে।
এলাকাবাসী জানিয়েছে, নিহত মেজবার সদর উপজেলার জগতি ইউনিয়নের কুমারগাড়া গ্রামের ইসাউদ্দিনের ছেলে।
পুলিশ আরও জানিয়েছে, নিহত মেজবার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের অন্যতম ক্যাডার। কুষ্টিয়া ও কুমারখালী থানায় তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
