২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদিনেও নিজ কার্যালয়ে আসেননি সিইসি আজিজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ বুধবার সারাদিন নির্বাচন কমিশন কার্যালয়ে আসেননি। সাধারণত সকাল পৌণে নয়টার মধ্যে তিনি নিজ দপ্তরে চলে আসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নিজ কার্যালয়ে না আসায় সিইসির সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে সারাদিন অনেক ধরনের গুজব শোনা যায়।

এদিকে বুধবার দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানানোর কথা থাকলেও পরে অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান ৩ টায় কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সংবাদ সম্মেলন করবেন বললেও কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া ৪ টার কিছু পরে জানিয়ে দেন যে, ‘সম্মেলন আর হচ্ছে না।’

এর আগে সচিব আব্দুর রশীদ সরকার দুপুর দেড়টায় তার কার্যালয় থেকে বেরিয়ে যান। সিইসির চিঠি নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন কিনা টেলিফোনে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে তিনি বলেন, “আমি কোনো চিঠি নিয়ে যাচ্ছি না, বঙ্গভবনেও যাচ্ছি না।”

এদিকে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, সিইসির পদ থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বঙ্গভবনে চিঠি পাঠাবেন এম এ আজিজ। তাঁর সেই চিঠি নিয়ে কোন নির্বাচন কমিশনার বঙ্গভবনে যাচ্ছেন সে প্রশ্নের জবাবে সচিব বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”

অবশ্য অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া সাংবাদিকদের জানান, সচিব আব্দুর রশীদ ঠিকই বঙ্গভবনে সরকারি কোনো কাজে গেছেন। তিনি বলেন, “সচিব সেখানে সরকারি কাজে আটকে পড়েছেন বলেই নির্ধারিত সংবাদ সম্মেলনটি হচ্ছে না।”

সিইসি দীর্ঘমেয়াদি ছুটিতে আছেন কি না-জানতে চাইলে জকরিয়া বলেন, “এ বিষয়ে আমি গতকাল (মঙ্গলবার) পর্যন্ত কিছু জানতাম না। আজ (বুধবার) অফিসে এসে আমি জানতে পারি যে ঊনি ছুটিতে আছেন।”

নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান সিইসির পদত্যাগ ও কমিশন সংস্কারের ব্যাপারে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। তিনি কমিশনের কার্যালয় ত্যাগ করার আগে বিকাল পৌনে ৪ টায় গাড়ি বারান্দায় অপেক্ষমান সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন।

বিচারপতি মাহফুজ বলেন, “সিইসির কোনো সিদ্ধান্ত পাইনি। ঊনি কি করছেন, জানি না। ঊনার সঙ্গে টেলিফোনেও কথা হয়নি।”

এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “সিইসি কেনো অফিসে আসেন না, তার খবর নেইনি; এ খবর নেওয়া যায় না।”

‘আপনি ভারপ্রাপ্ত সিইসি হচ্ছেন কি না’-এ প্রশ্নের জবাবে কমিশনার মাহফুজ বলেন,“ সিইসি চলে গেছেন, এমন খবর পেলে দায়িত্ব নেওয়া যায়; খবর না পেলে তো দায়িত্ব নেওয়া যায় না।”

আপনিই ভারপ্রাপ্ত সিইসি হচ্ছেন, এমন কোনো খবর আছে কি না, জানতে চাওয়া হলে কমিশানার হেসে বলেন, “না।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তিন উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বুধবারের মধ্যেই সিইসির সিদ্ধান্ত জানানোর কথা।