বগুড়ায় সাংবাদিক প্রহৃত
দৈনিক ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি হাসিবুর রহমান বিলুকে বুধবার দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মক জখম করেছে শহরের সাতমাথা মোড়ে।
বিলুকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা বিলুর মোটর সাইকেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিলু বলেন, “দুপুর ১২টার দিকে সাতমাথা মোড়ের আইএফআইসি ব্যাংক থেকে বেরিয়ে যখন মোটর সাইকেলে চড়তে যাব সেই মুহূর্তে একটি মোটর সাইকেলে তিন আরোহী হঠাৎ এসে আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে।”
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষনিক এক সভায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানান। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান বলেন, এ ঘটনার সাথে জামায়াত-শিবির কর্মীরা জড়িত থাকতে পারে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
