নির্বাচন কমিশনে আসেননি এম এ আজিজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ বুধবার দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে আসেননি। সাধারণত সকাল পৌণে নয়টার মধ্যে তিনি নিজ দপ্তরে চলে আসেন।
নির্বাচন কমিশনে না আসায় এম এ আজিজের সিইসি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এখন বেশ আলোচিত হচ্ছে। তবে নির্বাচন কমিশনের কেউ এ মুহূর্তে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না।
এর মধ্যে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার তার কার্যালয় থেকে বেরিয়ে যান। দেড়টার দিকে টেলিফোনে যোগাযোগ করে সিইসির চিঠি নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি কোনো চিঠি নিয়ে যাচ্ছি না, বঙ্গভবনেও যাচ্ছি না।”
সিইসি পদ থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বঙ্গভবনে চিঠি পাঠাবেন এম এ আজিজ, জানাচ্ছে নির্বাচন কমিশনের নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো।
সিইসির চিঠি নিয়ে কোন নির্বাচন কমিশনার বঙ্গভবনে যাচ্ছেন সে প্রশ্নের জবাবে সচিব বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তিন উপদেষ্টার সাথে আলোচনার পর বুধবারের মধ্যেই সিইসির সিদ্ধান্ত জানানোর কথা।
