সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য
যুক্তরাজ্য বাংলাদেশ সেনা বাহিনীকে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সমুদ্র নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের ডেপুটি চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল চালের্স স্টাইল সিবিই বলেন, “ আমরা এমন একাধিক ক্ষেত্র খুঁজে পেয়েছি, যেখানে আমরা এক সঙ্গে কাজ করতে পারি। যার মধ্যে রয়েছে একটি দূর্যোগ ব্যবস্থাপনা কাঠামো উন্নয়ন, আন্তঃসংস্থা কার্যক্রম, অনুশীলণ এবং সমুদ্র নিরাপত্তা বিষয়ে একটি নীতিমালা প্রনয়ণ।
দক্ষিন এশিয়া সফরের অংশ হিসেবে স্টাইল সোমবার ঢাকা এসে পৌঁছান। বাংলাদেশে অবস্থানকালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সেনা প্রধান এবং বিডিআর ও কোস্টগার্ডসহ অপর বাহিনী প্রধানদের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশে বিট্রিশ রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টাইল বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ ও এ অঞ্চলের নিরাপত্তা জোরদারসহ এই সম্পর্ককে আরো বিস্তৃত করতে চায়।”
তিনি বলেন, “সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক ও আন্তঃদেশীয় সমস্যা, যেখানে সহযোগিতা বিস্তৃত করা জরুরী।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে বিট্রিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার পল গিবসন।
অ্যাডমিরাল স্টাইল বলেন, “দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় আলোচনা করার জন্য যুক্তরাজ্য নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল পাঠাবে।”
ব্রিগেডিয়ার গিবসন জানান, আগামী বছরের প্রথম দিকে দুই দেশের সংস্থাগুলোর মধ্যে যৌথ অনুশীলণ অনুষ্ঠিত এবং উভয় দেশের সংস্থাগুলো দূর্যোগ ব্যবস্থাপনা ও তৎপরবর্তী বিষয়ে কাজ করবে।
বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা জোরদার করার ক্ষেত্রে কি ধরণের কৌশল গ্রহণ করা হবে প্রশ্নের জবাবে অ্যাডমিরাল স্টাইল বলেন, “স্থানীয় ও আন্তর্জাতিকভাবে আমরা যে সাধারণ হুমকীর মুখোমুিখ হয়ে থাকি তা হলো সন্ত্রাসবাদ। সে কারণে আমাদের আরো ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত।”
