২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পীরের অনুসারী-ব্যবসায়ী সংঘর্ষে পুলিশসহ আহত ২০

পঞ্চগড় শহরে এক পীরের অনুসারী ও ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পীর অনুসারীদের ১৫ টি গাড়ি ভাংচুর করে এবং শহরের দুটি হোটেলে তাদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ পীরের অনুসারিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় বাজারের এক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে ঢাকার রাজারবাগের এক পীরের অনুসারীরা তাদের জলসায় দাওয়াত দেয়। একই সময় কয়েকজন মুসল্লী জোহরের নামাজের সময় হওয়ায় পীর অনুসারীদের মসজিদে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু পীরের অনুসারীরা মসজিদে না গিয়ে তাদের পীরের সঙ্গে নামাজ আদায়ের কথা বলেন। পীর অনুসারীরা নামাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বললে একপর্যায়ে সাধারণ ব্যবসায়ী ও মুসল্লীরা তাদের ওপর চড়াও হয়।

খবর পেয়ে শহরের কয়েকটি আবাসিক হোটেলে অবস্থানরত পীরের অনুসারীরা ব্যবসায়ীদের লক্ষ্য করে হোটেল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে কসমেটিক ব্যবসায়ী আলম ও সালামসহ কমপক্ষে ১০/১৫ জন ব্যবসায়ী আহত হন। জবাবে ব্যবসায়ীরাও হোটেলে অবস্থানরত পীরের অনুসারিদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ব্যবসায়ীরা একপর্যায়ে পীর অনুসারিদের ১৫ টি গাড়ি ভাংচুর করে। এতে মোহাম্মদ তোহাসহ ৪/৫ জন পীর অনুসারী আহত হন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পঞ্চগড় সদর থানার এসআই সিদ্ধার্থ শঙ্কর ও রঞ্জু আহত হন।

এ ব্যাপারে পীরের অনুসারী ও আল ইহসান পত্রিকার প্রতিবেদক মো. জাহাঙ্গীর রহমান দাবি করেন, বাজারের ব্যবসায়ীদের কাছে ইসলামী জলসার দাওয়াত দেওয়ার সময় তারা আচমকা হামলা চালায়।

হামলার ঘটনায় জামায়াত ইসলামীকে দায়ী করে জাহাঙ্গীর বলেন, “যারা ইসলামের নামে ব্যবসা করছে তারাই এ হামলা চালিয়েছে।”

তবে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক বলেন, “জামায়াতে ইসলামী এ ঘটনায় জড়িত নয়। ইসলাম ও নামাজ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কারণে সাধারণ মুসল্লী ও ব্যবসায়ীরা তাদের উপর ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।”