২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাকার ব্যবস্থা হয়নি, ২৬ নভেম্বর হজ ফ্লাইট শুরু

চলতি হজ মৌসুমে যথাসময়ে হজযাত্রী পরিবহনে বিমানের প্রস্তুতি চূড়ান্ত হলেও নন-ব্যালটি হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি এখনো সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সংস্থাগুলো সম্পন্ন করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

চূড়ান্ত হয়নি সৌদি আরবে হজযাত্রীদের থাকার ব্যবস্থাও। এ পরিস্থিতিতে আগামী ২৬ নভেম্বর থেকে হজযাত্রী পরিবহন শুরু হচ্ছে। এদিকে যাত্রী সংকট ও লোকসানের আশংকা ব্যক্ত করেছে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিমান বাংলাদেশ এযারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন হজযাত্রী সংকটের আশংকা ব্যক্ত করে বলেছেন, ইতোমধ্যে ব্যালটি ২ হাজার ৫৫১ হজযাত্রী পরিবহনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নন-ব্যালটি ৪৭ হাজার ৯৫১ হজযাত্রীর মধ্যে ১৯ হাজার ৫৭ জনকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিমানের একটি ডিসি-১০ ফ্লাইট ও ইজারা নেয়া একটি ৭৪৭ বিমানে করে হজযাত্রী পরিবহন শুরু হচ্ছে। ডিসি-১০-এর ৩৪টি ফ্লাইটের প্রতি ট্রিপে ৩০১ জন করে মোট ১০ হাজার ২৩৪ এবং ৭৪৭ বিমানের ৩৩টি ফ্লাইটের প্রতি ট্রিপে ৫৮০ জন করে মোট ১৯ হাজার ১৪০ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো সম্ভব হবে।

এছাড়া সৌদি বিমান সংস্থা সৌদিয়ায় ১২ হাজার, গালফ এয়ারে দুই হাজার ও অন্যান্য বিমান সংস্থার ফ্লাইটে বাকী পাঁচ হাজার জন হজ করতে যাবেন।

বৈঠক সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয় ব্যালটি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে। সময়সূচি অনুযায়ী সব ব্যালটি হজযাত্রীকে সৌদি আরব নিয়ে যেতে লাগবে মাত্র তিন দিন। এরপর শুরু হবে নন-ব্যালটি হজযাত্রী পরিবহনের কাজ।

সূত্র জানায়, বাংলাদেশ বিমান প্রস্তুত থাকলেও ধর্ম মন্ত্রণালয় ও বেসরকারি হজ ব্যবস্থাপনা সংস্থাগুলো প্রস্তুতি চূড়ান্ত করতে পারেনি। ফলে তারা বিমানের সময়সূচি অনুযায়ী যাত্রী দিতে পারছে না, যা এরই মধ্যে বিমানকে জানিয়ে দেয়া হয়েছে। ফলে বিমানকে লোকসানের মুখে পড়তে হবে।

বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা এম আজিজুল হক সাংবাদিকদের বলেন, হজযাত্রী পরিবহনে বিমানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সৌদি আরবে তাদের গ্রহণ ও অন্যান্য সেবা নিশ্চিত করার প্রস্তুতিও সম্পন্নের পথে। তবে সৌদি আরবে সব হজযাত্রীর থাকার ব্যবস্থা সম্পন্ন না হওয়ার কথা তিনি স্বীকার করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক উপদেষ্টা মাহবুবুল আলম, বিমান উপদেষ্টা আজিজুল হক ছাড়াও বিমান, ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।