২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের দ্বিতীয় দিনেও সুপ্রিমকোর্টে বিচারকাজ চলেনি

১৪ দলের অবরোধের দ্বিতীয় দিনেও সুপ্রিমকোর্টে কোন বিচারকাজ চলেনি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আইনজীবীরা আদালত বর্জন করে রাজপথে মিছিল ও সমাবেশ করেন।

আপিল বিভাগে কেবল প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগে দুই একজন বিচারপতি এলেও কোন আদালত বসেনি এবং বিচারকাজও চলেনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন ও সাবেক সভাপতি মাহবুবে আলমের নেতৃত্বে আইনজীবীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মিছিল করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ঘুরে ১১ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের কদম ফোয়ারা চত্বরে জমায়েত হয়ে সমাবেশ করেন। দুপুরে কিছুক্ষণ বিরতি দিয়ে এ সমাবেশ চলে বিকাল ৫টা পর্যন্ত।

সমাবেশে সংহতি প্রকাশ করে যোগ দেন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতা কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, “জনগণ সকল ক্ষমতার উৎস। আজিজ, ইয়াজউদ্দিন নয়। নতুন সূর্য উঠবে অন্ধকার কেটে যাবে। যারা কোটি টাকা লুট করেছে এবং সঠিকভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন না করে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হবে। আইনের শাসন প্রতিষ্টার সংগ্রাম চলবেই।”

সমাবেশে সারাদিন আজিজকে নিয়ে প্যারোডি ও গণসংগীত পরিবেশন করেন আইনজীবীরা।