কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি
পাকুন্দিয়া উপজেলা সদরে সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে পাকুন্দিয়া বাজারের ব্যবসায়ী মো. চন্দু মিয়ার মালিকানাধীন পাদুকা বিতানে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাদুকা বিতান সম্পূর্ণ পুড়ে যায়।
এসময় দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা এম শাহ জাহানের মালিকানাধীন একুশে মিডিয়া সেন্টার, এখলাস মিয়ার মালিকানাধীন শুভেচ্ছা ফোন সার্ভিস, মিল্টন মিয়ার মালিকানাধীন মিল্টন ট্রেডার্স ও মজিবুর রহমানের মালিকানাধীন স্মৃতি ফটোস্ট্যাটের মালামাল ও আসবাবপত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
