শিগগিরই অচলাবস্থার অবসান ঘটবে: সুলতানা কামাল
দুই একদিনের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার অবসানের বিষয়ে আশাবাদী উপদেষ্টা সুলতানা কামাল। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
রোববার রাতে রাষ্ট্রপতির সঙ্গে জরুরি বৈঠকের ধারাবাহিকতায় সোমবার সকালে এম এ আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন তিন উপদেষ্টা মাহবুবুল আলম, সুলতানা কামাল ও আজিজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে সুলতানা কামাল বলেন, “আলোচনার পর আশা করছি দুই একদিনের মধ্যেই ইতিবাচক ফলাফল পাবো।”
সিইসি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সিইসি নিজেও বর্তমান এ রাজনৈতিক পরিস্থিতির অবসান চান। তবে তিনি তার মতামত দুয়েকদিনের মধ্যে জানাবেন।”
সিইসির পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, “সংবিধানের বাইরে কিছুই হবে না। তবে আমাদের কিছু ‘অবলিগেশন’ এর কারণে এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”
অন্য কোনো বিকল্প ভাবা হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, “আশা করছি কোনো বিকল্পের দরকার হবে না।”
