চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সচলের উদ্যোগ সফল হয়নি
চট্টগ্রাম বন্দরের সিসিটিতে (চিটাগাং কন্টেইনার টার্মিনাল) কাজ শুরু করতে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগ সফল হয়নি। তবে ডক শ্রমিকদের দাবি মেনে নিলে মঙ্গলবার থেকে সিসিটি সচল হতে পারে।
বন্দর কর্তৃপক্ষ সোমবার রাতের পালা থেকেই কাজ শুরুর ব্যাপারে গ্যাং বুকিং নিতে আন্দোলনরত ডক শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও রাতে ডক শ্রমিক সিবিএ সাফ জানিয়ে দেয়, বন্দরের নিজস্ব অপারেটর দিয়ে সিসিটিতে কার্যক্রম না চালালে শ্রমিকরা কাজে যোগ দেবে না।
এর আগে সিসিটিতে গিয়ারলেস (ক্রেনবিহীন) জাহাজ থেকে কন্টেইনার খালাস নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার দুপুরে বন্দর ভবনে সর্বদলীয় বন্দর শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সঙ্গে কর্তৃপক্ষ একটি বৈঠক করে।
বৈঠকে ডক শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়। তবে ঐক্য পরিষদ নেতারা তাৎক্ষণিকভাবে এই আহ্বানে সাড়া দেননি।
রাত ৯টার দিকে শ্রমিকরা কর্তৃপক্ষকে জানান, নিজস্ব অপারেটর দিয়ে সিসিটিতে কার্যক্রম না চালালে তারা কাজে যোগ দেবেন না বলে উল্লেখ করে ডক শ্রমিক সিবিএ সাধারণ সম্পাদক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “কর্তৃপক্ষকে বলেছি বন্দর অপারেটর দিয়ে কাজ করুন, আমরাও কাজে যোগ দেব।” সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান আবদুল আহাদ। বন্দর কর্তৃপক্ষ এই দাবি মেনে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ বিষয়ে বার বার চেষ্টা করেও কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানা যায়নি।
বিকালে বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সঙ্গে সিসিটি চালুর বিষয়টি নিয়ে আরেকটি বৈঠক করে। এসোসিয়েশন নেতৃবৃন্দ যে কোনো মূল্যে প্রাইভেট অথবা বন্দরের নিজস্ব অপারেটর দিয়ে আজ রাতের মধ্যেই সিসিটিতে অপেক্ষমান দু’টি গিয়ারলেস জাহাজের কন্টেইনার খালাস তথা কাজ শুরু করার জোর দাবি জানান।
শিপিং এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বন্দরে এখন জাহাজের গড় অবস্থানকাল সাড়ে নয় দিনে পৌঁছেছে। এজন্য প্রতিটি জাহাজের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। তিনি বলেন, সোমবার রাত থেকে না হোক মঙ্গলবার সকালের পরও সিসিটিতে কাজ বন্ধ থাকলে বন্দর কর্তৃপক্ষকে আমাদের সর্বশেষ কথা জানিয়ে দেব।”
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালের মধ্যে সিসিটিতে গ্যান্ট্রি ক্রেন অপারেশন চালুর ব্যাপারে শিপিং এজেন্টদের আশ্বস্ত করেছিলেন।
বন্দরের সিসিটিতে বর্তমানে ২টি ও বহির্নোঙ্গরে ৪টি গিয়ারলেস কন্টেইনার জাহাজ অবস্থান করছে। তাছাড়া আরো ৫টি গিয়ারলেস কন্টেইনার জাহাজ বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে সিসিটিতে কাজ বন্ধ থাকলেও বিভিন্ন জেটিতে অবস্থানকারী সাধারণ পণ্যবাহী (বাল্ক কার্গো) জাহাজে পণ্য ওঠানামার তোলার কাজ হয়েছে। তবে অবরোধের কারণে সোমবার কোনো পণ্য সড়ক বা রেলপথে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
