মোবাইলে এগিয়ে ইন্টারনেটে পিছিয়ে উন্নয়নশীল দেশ
উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তবে ইন্টারনেটের ব্যবহার অনেক কম হওয়ায় উন্নয়নশীল দেশগুলো ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে শিল্পোন্নত দেশের চেয়ে পিছিয়ে থাকছে বলে আঙ্কটাডের ইনফরমেশন ইকোনোমিক রিপোর্ট ২০০৬-এ সতর্ক করা হয়েছে।
২০০৫ সালে উন্নয়নশীল দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৩১ দশমিক ৩ শতাংশ বেড়ে মোট সংখ্যা দাঁড়ায় ১২০ কোটিতে। এর মধ্যে ২৯ দশমিক ৫ শতাংশ মানুষ প্রথমবারের মতো ফোন ব্যবহার শুরু করেন। অপরদিকে ওই বছর উন্নত বিশ্বে মোবাইল ফোনের গ্রাহক ছিল ৮১ কোটি। সেখানে বছর প্রতি ব্যবহারকারী বাড়ছে ৯ দশমিক ৫ শতাংশ হারে। এর মধ্যে মাত্র ৮ দশমিক ৯ ভাগ মানুষ নতুন ফোন ব্যবহার শুরু করছেন।
তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই চিত্র সম্পূর্ণ বিপরীত। ২০০৫ সালে উন্নত দেশগুলোতে ১০০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট সুবিধা গ্রহণ করেছেন। ইন্টারনেট ব্যাহারকারীর সংখ্যা বৃদ্ধির হার ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। তাদের মধ্যে ৫৪ দশমিক ৫ ভাগ মানুষ গত বছর প্রথমবারের মতো এই সুবিধা গ্রহণ করেন। উন্নয়নশীল দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৪ কোটি। সেখানকার মাত্র ৮ দশমিক মানুষ গতবছর নতুন করে পরিচিত হয়েছে এই বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে।
এছাড়া বেশিরভাগ উন্নয়নশীল দেশে ইন্টারনেটের জন্য গতির ব্রড ব্যান্ড সংযোগের পরিবর্তে ব্যবহার করা হয় করা হয় ডায়াল আপ সংযোগ। আঙ্কটাডের রিপোর্টে ধনী এবং দরিদ্র দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গুণগত এবং পরিমাণগত ব্যবধানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উন্নয়নশীল দেশের জন্য এটি একটি সমস্যা উল্লেখ করে আঙ্কটাডের রিপোর্টে বলা হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য ব্রডব্যা›ন্ড এতটাই গুরুত্বপূর্ণ এবং এত সুবিধা দেয় যে একে পানি ও বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গেই কেবল তুলনা করা যায়।
এ বিষয়টিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আঙ্কটাডকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ১৫১টি দেশের মধ্যে মাত্র ৭১ টি দেশ এ সম্পর্কে তথ্য দিয়েছে। এসব দেশের মধ্যে ৪৮টি দেশ জানায় সেখানকার এক শতাংশেরও কম মানুষ গত বছর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার শুরু করেন।
এই গ্রুপের অর্ধেকেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর বসবাস চীনের মূল ভূখণ্ডে। তবে চীনেও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সব মিলিয়ে ২ দশমিক ৯ শতাংশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী উন্নয়নশীল দেশগুলোর অবস্থান এশিয়ায়। এ মহাদেশের দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
আঙ্কটাডের রিপোর্টে আরো দেখানো হয়েছে, উন্নয়নশীল দেশে ২০০৩ সালে আইসিটি সেক্টরের গুরুত্ব এবং সেখানে কর্মসংস্থান বেড়েছে। এর ফলে শিল্পোন্নত দেশের কাছ থেকে চাহিদা এবং সরবরাহ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর নতুন ব্যবসায়ীক অংশীদার গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
রিপোর্টে বলা হয়, বিশ্বায়নের সঙ্গে তাল মেলানো এবং আইসিটির ব্যাপক ব্যবহারে ব্যর্থতার কারণে বিশ্বের সব জায়গায় বড় প্রকল্পগুলো সংকুচিত হয়ে পড়তে পারে এবং বড় বাজার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
রিপোর্টে বলা হয়, প্রতিযোগিতা এবং মূল্য হ্রাসের ক্ষেত্রে ব্রডব্যান্ডের বিস্তার বড় ভূমিকা রাখলেও অনেক উন্নয়নশীল দেশ অর্থনৈতিক কারণে শহর এলাকার বাইরে এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারছে না।
ওয়্যারলেস টেকনোলজি এবং স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম খরচে এই অবকাঠামো গড়ে তোলা যেতে পারে। সরকার নীতি নির্ধারণ এবং অবকাঠামো তৈরি করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিপোর্টে বলা হয়েছে।
