অবরোধ আতংকে উৎকন্ঠিত মানুষ
চারদিন স্থগিত থাকার পর সোমবার থেকে আবার লাগাতার অবরোধের আশঙ্কায় নগরবাসী উৎকন্ঠিত। এ উৎকন্ঠার চিত্র রোববার স্পষ্টতই ফুটে উঠে হাট-বাজার, যানবাহন, ব্যাংক-বীমাসহ নানা জায়গায় তাদের ব্যস্ততায়।
রাজধানীর সব রাস্তায় এবং দূরপাল্লার সব বাস, লঞ্চ, রেলওয়ে টার্মিনালে ছিল মানুষের উপচে পড়া ভীড়। সরকারী-বেসরকারি ব্যাংক-বীমা অফিসগুলোতে দেখা গেছে টাকা তোলার জন্য দীর্ঘ অপেক্ষা, লম্বা লাইন আর পড়ি-মরি তাড়াহুড়ো। ফলে রাস্তাঘাটে ছিল ভয়াবহ যানজট।
জনমনে আশঙ্কার কারণে শেয়ার বাজারে দর পতন ঘটে। ঢাকা ষ্টক এক্সেচেঞ্জ (ডিএসই) এ সাধারণ শেয়ার ও সার্বিক শেয়ারের মূল্য সূচক যথাক্রমে ১ দশমিক ৯৭ এবং ১ দশমিক ৪৮ শতাংশ পড়ে যায়।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ এর নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বিদ্যমান পরিস্থিতিতে আমরা স্বস্তিবোধ করছি না। আমরা জানিনা, আগামী কাল লেনদেন হবে কি না।”
সকাল থেকেই রাজধানী ভয়াবহ যানজটের কবলে পড়ে। প্রতিটি বাসে গাদাগাদি যাত্রী বোঝাই থাকার পরও বাদুড় ঝোলা হয়ে চলাচল করতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। তারপরও প্রয়োজনীয় যানবাহনের অভাবে শতশত মানুষকে দেখা যায় ঠাঁই দাঁড়িয়ে থাকতে।
একটি বেসরকারি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আজকের (রোববার) ব্যাংক কার্যক্রম ছিল অনেকটা একপাক্ষিক। টাকা জমার পরিমাণ ছিল খুবই কম, সবাই ব্যাংকে এসেছে কেবল টাকা তুলতে।”
ঢাকা ব্যাংকের কারওয়ান বাজার শাখায় টাকা তুলতে গিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হয় অনিতা হাওলাদারকে। তিনি জানান, তার মত অনেককেই টাকা তুলতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়।
এদিকে কাঁচাবাজারেও ভীড় ছিল লক্ষ্যণীয়। এর আগের অবরোধের সময়ে শাকসবজির বাজারে টান পড়ায় আর দাম অত্যধিক চড়ে যাওয়ায় সেই অভিজ্ঞতা থেকেই আজ বাজারে হুমড়ি খেয়ে পড়েছিলেন অনেকে। লক্ষ্য একটাই, কিছু পরিমাণ বাজার যদি করে রাখা যায়! অনির্দিষ্ট কালের অবরোধের আশঙ্কায় যে যার মতো কাঁচাবাজার কিনে রেখেছেন।
হাতিরপুল কাঁচাবাজারে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাথে কথা বলতে গিয়ে গৃহিনী রাবেয়া খাতুন তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, “টানা অবরোধকালে তার বাজার ফুরিয়ে যায়। নাশকতার ভয়ে বাজার করতে যাওয়ার সাহস তিনি করেননি।”
রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান যে, অবরোধের ভয়ে রোববার দূরপাল্লার যাত্রীচাপ ছিল বেশী।
সায়েদাবাদ, গাবতলি, মহাখালি, যাত্রাবাড়ি ও নয়াবাজার বাস টার্মিনালে বাসের টিকেট অবশিষ্ট নেই বলে জানিয়েছে বিভিন্ন কাউন্টারের লোকজন। সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল লোকে লোকারণ্য।
তিন-চারদিন পরে যাওয়ার কথা থাকলেও রোববার সকালে তড়িঘড়ি করে গ্রামের বাড়ি মাদারীপুরে রওয়ানা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রদ্যোৎ। সে জানায়, “এই কয়েকদিন বাড়ি থাকি, বাবা-মায়ের অযথা দুশ্চিন্তা করতে হবে না।”
