১৩ আমলার বিরুদ্ধে আদালত অবমাননার রায় ২৬ নভেম্বর
বিচার বিভাগ পৃথক করা নিয়ে চার সচিবসহ ১৩ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের রায় ঘোষণার তারিখ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন আদালত। রোববার এ রায় ঘোষণার কথা ছিল।
আগামি ২৬ নভেম্বর রোববার এ রায় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
১৬ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৯ নভেম্বর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার দুটি অভিযোগের রায় দেওয়ার তারিখ ঘোষণা করেন।
চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান ও অর্থ সচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চৌধুরী মুনির উদ্দিন মাহফুজের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করেছিলেন।
এর আগে ২০০৪ সালের ২৯ নভেম্বর নয়জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল ।
