২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে ছাত্র সংগ্রাম পরিষদের দুজন আহত হয়। ক্যাম্পাসে সকাল থেকে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহতরা হলেন এফ রহমান হলের সাঈদুর রহমান ও জিয়া হলের মাহবুবুর রহমান টিটো। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে রোববার সকালে উপাচার্য এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রদলের কর্মীরা তাদের ধাওয়া ও মারধর করে। এসময় পরিষদের দুজন আহত হয়। পরে উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষের সঙ্গে পরিষদের নেতারা বৈঠকে বসেন। এসময় উপাচার্যের কার্যালয় ও মূল চত্বরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে সকালেও একটি বোমা বিস্ফোরণ হয়।

বৈঠকে উপাচার্য পরিষদের নেতাদের জানান, সোমবার তারা ছাত্রদলের সঙ্গে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। অন্যদিকে পরিষদের নেতারা বলেছেন, তাদের নেতাকর্মীদের ওপর যদি আরও হামলার ঘটনা ঘটে তবে সোমবার থেকে লাগাতার ধর্মঘট ডাকা হবে।

এদিকে ছাত্রদলের সহ সভাপতি ওবায়দুল হক নাসের সাংবাদিকদের বলেছেন, কোনো সন্ত্রাসীর সঙ্গে ছাত্রদেল সহাবস্থান হতে পারে না। তিনি উত্তেজনা সৃষ্টির জন্য ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের দায়ী করেন।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।