বাড্ডা ও যাত্রাবাড়িতে দুই যুবক খুন
সন্ত্রাসীদের হামলায় দুই যুবক নিহত হয়েছেন নগরীর বাড্ডা ও যাত্রাবাড়ি থানা এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাড্ডায় নিহতের নাম মানিক চন্দ্র সরকার (২০)। সন্ত্রাসীরা তার বাবাকেও গুরুতর জখম করে। যাত্রাবাড়িতে নিহতের নাম আরিফ হোসেন (২৪)।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বালুর মাঠ এলাকার আহমেদিয়া টেকে অজ্ঞাত পরিচয়ের কয়েক সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে মানিক ও তার বাবা সুনীল চন্দ্র সরকারকে এলোপাথাড়িভাবে আঘাত করে।
এলাকাবাসী ও পুলিশ গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার ভোরে মানিক মারা যায়।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা, মাদকাসক্ত ছিনতাইকারীদের হামলায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সূত্র জানায়, এছাড়া যাত্রা বাড়ির আতিক উল্লাহ কমিশনার রোডের বাসা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ হোসেন নামের এক যুবক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়।
নিহতর বাবা ইসমাইল ভূঁইয়া। গ্রামের বাড়ি রাজবাড়ি। বাসার অল্প কিছু দূরে নিহত আরিফের একটি বৈদ্যূতিক সরঞ্জামের দোকান আছে।
