২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভি এড়িয়ে গেছে সিইসির বঙ্গভবনে যাওয়ার খবর

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর সিইসি, তিন নির্বাচন কমিশনার ও সচিবের সন্ধ্যা ৭টার পরপরই বঙ্গভবনে যাওয়ার খবরটি বিটিভির ৮টার খবরে প্রচারিতই হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বরং ভারসাম্য আনার চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাক্ষাতের খবরটি শীর্ষ খবর হিসেবে প্রচার করা হয়। স্থায়ীত্ব ছিল ৫০ সেকেন্ড।

এরপর আসে রাষ্ট্রপতির সাথে জামাত নেতৃবৃন্দের সাক্ষাতের খবর। স্থায়ীত্ব ছিল এক মিনিট।

পঁচিশ মিনিটের খবরে খেলাধূলা বাদে জাতীয়-আন্তর্জাতিক প্রসঙ্গ মিলিয়ে প্রচারিত হয় ২৫টি খবর।

এর মধ্যে আওয়ামী লীগের দুটি, বিএনপি ও চার দলীয় জোটের দুটি, জামাতের দুটি করে খবর প্রচারিত হয়।

এর মধ্যে ২৩ নম্বর ছিল সামরিক বাহিনী মোতায়েনের প্রজ্ঞাপনটি বাতিলের খবর।

এছাড়া খবরের প্রথমার্ধে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের খবর প্রচারিত হয় চারটি। স্থায়ীত্ব ছিল তিন মিনিট পাঁচ সেকেন্ড।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবির খবর প্রচারিত হয় আট নম্বরে।

চৌদ্দ দলীয় জোটের অবরোধ তুলে নেওয়ায় ঢাকার জীবনযাত্রা সচল হওয়ার এবং এ সিদ্ধান্তের জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানোর খবর প্রচারিত হয় যথাক্রমে ১০ ও ১১ নম্বরে।

এরপর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সিঙ্গাপুর সফর, ইরাক, ফিলিস্তিন, পাকিস্তান ও কঙ্গো নিয়ে পাঁচটি আন্তর্জাতিক খবর প্রচারিত হয়।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির খবর আসে ১৮ নম্বরে।

এছাড়া অবরোধ তুলে নেওয়ায় চট্টগ্রাম বন্দর সচল হওয়ার খবর ছিল ২১ নম্বরে।