মওদুদের বাসভবনে গুলির কিনারা হয়নি
সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ির সামনে গুলির ঘটনায় একটি মোটর সাইকেলসহ সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করা হলেও পুলিশ এযাবত ঘটনার কোন কূলকিনারা করতে পারেনি।
এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা ছিল। কিন্তু ঘটনার পর ১২ দিন পার হলেও কমিটিও কোন প্রতিবেদন দিতে পারেনি।
পুলিশ সূত্রমতে আটক আটজনই বিভিন্ন মামলার পলাতক আসামী এবং মোটর সাইকেলটিও তাদের কাছ থেকে আটক করা হয়েছে। এব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষে পুলিশের মহা পরিদর্শক খোদা বখ্স চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু বলতে না পেরে মিডিয়া সেলের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “তদন্ত কমিটি এযাবত কোন রিপোর্ট দিতে পারেনি। কমিটি তাদের অগ্রগতি সম্পর্কেও কিছু অবহিত করতে পারেনি।” তিনি বলেন, তদন্ত কর্মকর্তা (আইও) গুলশান থানার এসআই শামসুদ্দোহা অন্যান্য মামলার পলাতক আটজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছেন। একটি মোটর সাইকেলও তিনি আটক করেছেন।
এসআই শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “নানা সময়ে বিভিন্ন এলাকা, থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ওই ঘটনার সাথে জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়। মোটর সাইকেলটি আটক করা হয়েছে গুলশান এলাকার একটি চেকপোষ্ট থেকে, তবে ওই মোটরসাইকেলটিও যে হামলায় ব্যবহার করা হয়েছে, তাও আমরা নিশ্চিত নই।” তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে আদৌ কেউ জড়িত কি-না এব্যাপারে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, তদন্ত কমিটির কর্মকর্তারা মাঝে মধ্যে তাকে ডেকে ঘটনার অগ্রগতির খবর নিয়ে থাকেন। ৪ নভেম্বর রাতে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা সাবেক আইনমন্ত্রীর বাসার সামনে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় এক কনস্টেবল আহত হয়।
