২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা দাবি, অন্যথায় আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রকাশিত দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করায় আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা ও মহানগর কমান্ড।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বুধবার দুপুর ১২টায় রাজশাহীর বেলদার পাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা ইউনিট কমান্ডার নজরুল ইসলাম খোকা, রাজশাহী ইউনিট কমান্ডার নূর মোহাম্মদ পেনু, মহানগর কমান্ডের সদস্য সচিব আবুল কাসেম, মহানগর কমান্ডের নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, বোয়ালিয়া থানা কমান্ডার খন্দকার জামাল উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দরা অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেকোনো নিয়োগের ক্ষেত্রে যদি শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা না মানে তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আন্দোলন কর্মসূচিতে নিয়োগ বাতিলের দাবি আদায় না হলে আদালতের আশ্রয় নেওয়া হবে বলেও উল্লেখ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৭ সালের ১৭ মার্চ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ওই বছর ২৬ মার্চ থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সরকারি নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সম্প্রতি পরপর দু’টি নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা সংরক্ষণ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর মুক্তিযোদ্ধা কমান্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে স্বচ্ছতার পরিচয় পায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, সরকারি নির্দেশ মেনে ভর্তির ক্ষেত্রে শতকরা পাঁচ জন এবং নিয়োগের ক্ষেত্রে শতকরা ৩০ জনকে মুক্তিযোদ্ধা কোটায় নিচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৪ জন কর্মচারী নিয়োগসহ বৈধ করতে এবং স্বজনপ্রীতি করার জন্য মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার পায়তাঁরা করছে। তাদের আশংকা, এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না। কিন্তু এবার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের কোন চক্রান্ত চালায় তাহলে রাজশাহী মেডিকেল কলেজের মত তাদের বিরুদ্ধে আদালতে মামলা করে সকল নিয়োগ বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করায় ২০০৫ সালে কর্র্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলে আদালত নিয়োগ স্থগিত করে।

এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সিন্ডিকেটের অনুমোদন ছাড়া কোটা সংরক্ষণ সম্ভব নয়। সিন্ডিকেটের মিটিংয়ে অন্তর্ভুক্ত না করে কেবলমাত্র সংরক্ষণ করতে পারা সম্ভব বলে তিনি জানান।