মেহেরপুরে চরমপন্থীদের হাতে একজন নিহত
গাংনী উপজেলার রায়পুরে চরমপন্থীরা আব্দুস সালাম (৩৭) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। চরমপন্থীরা তাকে প্রথমে গুলি করে ও পরে মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে ফেলে যায়।
নিহত ব্যক্তি গাংনী রায়পুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি রায়পুর ইউনিয়নের হারাদা গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন লোক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বুধবার সকালে বাড়ির পাশের ধান ক্ষেতে তার লাশ পড়েছিল।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে নিহতের বড় ভাই আবদুল মালেক বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গাংনী থানার ওসি মতিউল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
