চট্টগ্রামে ৬ ডাকাত নিহত
পূর্ব রাউজানের বিটঢালা এলাকায় বুধবার ভোর চারটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং জনতার পিটুনিতে ছয় ডাকাত নিহত হয়েছে।
নিহতরা হলো আজাদ, আফসার (১), আফসার (২) সালাউদ্দিন, খোকন বড়ুয়া এবং একজনের পরিচয় পাওয়া যায়নি। এরা প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিটঢালা এলাকায় পুলিশের একটি দল ছয় ডাকাতকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় দেড় ঘন্টা শতাধিক গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থলেই চার ডাকাত মারা যায়। পরে স্থানীয় লোকজনের গণপিটুনিতে আরো দুই ডাকাত নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি বন্দুক, একটি পাইপগান, আট রাউন্ড গুলি, দুটি মোবাইল ও তিনটি টর্চ লাইট উদ্ধার করেছে।
