মঙ্গলবারও সুপ্রীমকোর্টে বিচার কাজ চলেনি
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের তৃতীয় দিনে মঙ্গলবারও সুপ্রীমকোর্টে কোনো বিচারকাজ চলেনি।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে ১৪ দল সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে রাজপথে মিছিল ও সমাবেশ করেছেন।
সুপ্রীমকোর্টের আপীল বিভাগে সাত বিচারপতির মধ্যে কেবল প্রধান বিচারপতি আসায় এবং হাইকোর্ট বিভাগে কোন বিচারপতি না আসায় আদালত বসেনি এবং সর্বোচ্চ আদালতে বিচারকাজে তৃতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করে বলে আদালত সূত্রে জানা গেছে।
সকাল দশটায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এএম আমিনউদ্দিনের নেতৃত্বে ১৪ দল সমর্থক আইনজীবীরা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের পদত্যাগের দাবিতে মিছিল করে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইনায়েতুর রহিম, মাহবুব আলী, বশির আহমেদ, আজাহার উল্লা ভূঁইয়া, মোতাহার হোসেন সাজু ও সৈয়দ মামুন মাহবুব।
সমাবেশে আইনজীবীরা বিচারপতি আজিজের বিরুদ্ধে বিভিন্ন প্যারোডি করে গণসঙ্গীত পরিবেশন করেন।
