২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রাজাবাজারে আ. লীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর তেজগাঁও থানার পূর্ব রাজাবাজার এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে শাহজাহান মিয়া চৌধুরী (৪১) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তাকে গুরুতর অবস্থায় স্থানীয় শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচার চলছিল। তবে তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল বলে জানা গেছে।

তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী গুলিবিদ্ধ হওয়ার পর এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সোয়া নয়টার দিকে পূর্ব রাজাবাজারের বাসিন্দা শাহজাহান চৌধুরী স্থানীয় নাজনীন উচ্চ বিদ্যালয়ের কাছে গেলে দুইজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। দুটি গুলি তার মাথা ও মুখে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি পড়ে গেলে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় আওয়ামী লীগ ফজলুল হক বেলাল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম--কে জানান, ঘটনাটি রাজনৈতিক। আওয়ামী লীগকে চলমান আন্দোলন থেকে সরিয়ে আনতে ভয় দেখাতেই শাহজাহান চৌধুরীকে হত্যার চেষ্টায় এ গুলি করা হয়েছে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।