২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে শিশুদের মধ্যে ডায়াবেটিস উদ্বেগজনকহারে বাড়ছে

বাংলাদেশে শিশুদের মধ্যে ডায়াবেটিক রোগ উদ্বেগজনকহারে বাড়ছে। কিন্তু আক্রান্তদের বেশিরভাগেরই এ রোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা কিংবা সুচিকিৎসার কোনো কার্যকর উদ্যোগ নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

নাইমুল হক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস ও বারডেমের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশের তালিকাভুক্ত তিন লাখ ডায়াবেটিক রোগীর মধ্যে ১২ শ’রও বেশির বয়স ১৮ বছরের নিচে। পরিসংখ্যানে আরো দেখা যায়, শিশুদের মধ্যে এ হার লক্ষ্যযোগ্য হারে বাড়ছে। আক্রান্তদের দেহে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হচ্ছে না এবং তারা ইনসুলিন নিচ্ছেও না।

চিকিৎসকরা বিষয়টিকে উদ্বেগজনক অভিহিত করে বলেছেন, যেহেতু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো জরিপ চালানো হয়নি। ফলে এর সঠিক চিত্র তুলে ধরা যাচ্ছে না।

পরিসংখ্যানে আরো দেখা যায়, বারডেমে যে ১২ শ’ শিশুর ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে তাদের এক-চতুর্থাংশ টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। এর ফলে দেহে ইনসুলিন তৈরিতে কার্যরত বেটা সেল নষ্ট হয়ে যায়।

বারডেমের চিকিৎসক অধ্যাপক কিশোর আজাদ বলেন, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিক বিস্তারের প্রবণতা পরিসংখ্যান থেকেই সুস্পষ্টভাবে লক্ষ করা যায়। এটা বেশ উদ্বেগজনক, যদিও প্রাত্যহিক জীবনযাপন নিয়ন্ত্রণের মাধ্যমে সহজেই এটা প্রতিরোধ সম্ভব।

তিনি বলেন, টাইপ-১ ডায়াবেটিস রোগের একটি বিশেষ ধরন। অপুষ্টিতে ভোগা শিশুদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং এতে আক্রান্ত স্বল্প সংখ্যকের অগ্নাশয়ে পাথর দেখা যায়।

অধ্যাপক আজাদ আরো বলেন, বেশিরভাগ শিশুর মধ্যে এ রোগ সংক্রমণের কারণ এখনো অজানা। এর অনুসন্ধানে ব্রিটেন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের সহায়তায় বারডেমে গবেষণা চলছে।

ডা. ফওজিয়া মহসিন বলেন, চিকিৎসকরা অনেক সময়ই রোগটি ধরতে পারেন না। অথচ একটি সাধারণ পরীক্ষায়ই রোগটি শনাক্ত করা এবং সময় অনুযায়ী পদক্ষেপ নেয়া সম্ভব।

তিনি আরো বলেন, যদি প্রাথমিক অবস্থায় রোগটি ধরা না পড়ে তবে টাইপ-১ ডায়াবেটিস মৃত্যুর ঝুঁকি নিয়ে আনতে পারে। তখনকার অবস্থাকে বলা হয়, ডায়াবেটিক কোমা। এ অবস্থায় প্রচণ্ড বমি হয়।

চিকিৎসকরা আরো বলেন, অনেক সময় ভুল করে ডায়াবেটিক কোমাকে গ্যাস্ট্রিক জাতীয় রোগ বলে চিহ্নিত করা হয়ে থাকে।

পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়ায় ডায়াবেটিক আক্রান্ত রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সঞ্চিত গ্লুকোজ পরে মুত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এর ফলে দেহে শক্তি সরবরাহ ব্যাহত হয়।

টাইপ-১ ডায়াবেটিস খুব দ্রুতই শরীরে ধরা পড়ে। আক্রান্ত রোগীর তৃষ্ণা ও ক্ষুধা বেড়ে যায়, প্রস্রাব বেশি হয়, ওজন কমতে থাকে ও চোখে সবকিছু ঝাপসা দেখায়। শিশুদের ক্ষেত্রে অবসন্নতা দেখা যায়।

ডায়াবেটিক আক্রান্ত শিশু ও প্রাপ্ত বয়স্কদের বেশির ভাগের ক্ষেত্রেই দেখা যায়, মাত্রাতিরিক্ত ওজন কিংবা স্বল্প ওজন, দেহে ইনসুলিন তৈরিতে প্রতিবন্ধকতার কাজ করছে কিংবা পরিবারে কারো এ রোগ রয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন, জন্মগ্রহণের সময় যে সব শিশুর ওজন আড়াই কিলোগ্রামের কম থাকে তাদের ডায়াবেটিক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।