রাজনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান
রাজনৈতিকভাবে রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
সংগঠনের সমন্বয়ক শবনম হাফিজের সভাপতিত্বে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় বক্তারা বলেন, বর্তমানের এই রাজনৈতিক সংকটে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই সংকট নিরসন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বক্তারা মালিক পক্ষের শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া পাওনা পরিশোধ, আটক শ্রমিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব বাহরানে সুলতান বাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোশরেফা মিশু, অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, রফিকুল ইসলাম পথিক, যুবরান আলী জুয়েল, মাস্টার মোখলেসুর রহমান, শামীম ইমাম, সর্দার খোরশেদ, মাইননুদ্দিন মন্ডল প্রমুখ।
