২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ঝিনাইদহে স্বামীর মৃত্যুদন্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে আব্দুল আলিম নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে ঝিনাইদহের একটি আদালত।

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সা ক ম আনিছুর রহমান সোমবার এ রায় দেন।

মামলার বিবরণে বলা হয়, হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর গ্রামের আব্দুল আলিম (২৮) যৌতুকের জন্য প্রায় স্ত্রী পায়রা খাতুনের ওপর নির্যাতন চালাত। ২০০৩ সালের ২৬ জুন রাতে আব্দুল আলিম স্ত্রীকে মারধর করে হত্যার পর লাশ পাশের বাগানে ফেলে রাখে। পরে প্রচার করে যে, পায়রা বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে আঘাতে পায়রার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। ভিসেরা রিপোর্টেও বিষপানের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আব্দুল আলিমসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে আলিমের মৃত্যুদণ্ড কার্যকর এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। অপর আসামিদের একজন বিচার চলাকালে মারা যায়। বাকীদের বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. এসএ মশিয়ুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড আনোয়ার হোসেন, অ্যাড তোফাজ্জল হোসেন ও অ্যাড আব্দুর রশিদ।